মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ

কাতারের সাবেক আমির ও দেশটির বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমিরি দিওয়ান গভীর শোকের সঙ্গে জাতির অপূরণীয় ক্ষতির কথা জানাচ্ছে। তার মহামান্য ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি স্থানীয় সময় সোমবার (১২ জুলাই) সকালে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ তাকে রহম করুন।
শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে দেশটি অর্থনীতি, জ্বালানি খাত, অবকাঠামো এবং আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে।
তার মৃত্যুতে কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।