১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, বিশ্বের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ই একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার ভূমিকা একটি স্বাধীন রাষ্ট্রের জন্মের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনে আরও এগিয়ে নিয়ে যেতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কাতারে পৌঁছে দিতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দেশের রাষ্ট্র পরিচালনা, প্রশাসন, শিক্ষা, বিচারব্যবস্থা, সংস্কৃতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্বদানকারী ব্যক্তিদের বড় একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন এসেছে। বর্তমানে সব ছাত্রসংগঠন সমানভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে ক্যাম্পাসে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলেও তিনি দাবি করেন।