পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র: আইজিপি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তিনটি ডিসি অফিস, ৪১টি পুলিশ বক্স এবং একটি স্বতন্ত্র ডিএমপি বিভাগ গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচলে নবনির্মিত পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

আইজিপি বলেন, দ্রুত বর্ধনশীল পূর্বাচল নতুন শহর প্রকল্পে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র ও দুটি পুলিশ লাইনস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনটি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় স্থাপনের কার্যক্রমও এগিয়ে চলছে।

তিনি আরও জানান, প্রকল্প এলাকার বিভিন্ন সেক্টরে মোট ৪১টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

আলী হোসেন ফকির বলেন, ভবিষ্যতে পূর্বাচলকে আনুষ্ঠানিকভাবে ডিএমপির আওতাভুক্ত করে এখানে একটি স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে। ওই বিভাগের কার্যক্রম একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পরিচালিত হবে, যা আইন-শৃঙ্খলা রক্ষায় আরও সমন্বিত ভূমিকা রাখবে।

তিনি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালনার জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।

আইজিপি আরও বলেন, পুলিশের জন্য বরাদ্দকৃত ২৯ দশমিক ২১ একর জমির মধ্যে ইতোমধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট জমির প্রক্রিয়াও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।