বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেল জাপান। চোটের কারণে দলের অন্যতম সেরা তারকা উইঙ্গার তাকেফুসা কুবো এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারছেন না।
বিশ্ব ফুটবলে ‘জাপানি মেসি’ নামে পরিচিত ২৫ বছর বয়সী এই ফুটবলারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।
গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাঁ হাঁটুতে চোট পান কুবো। সেই ইনজুরির কারণে গ্রুপ পর্বে তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষেও খেলতে পারেননি রিয়াল সোসিয়েদাদের এই তারকা। রোববার দলের উন্মুক্ত অনুশীলনে তাকে সতীর্থদের সঙ্গে নয়, আলাদাভাবে দৌড়াতে দেখা যায়। এরপর সংবাদ সম্মেলনে কোচ মোরিয়াসু নিশ্চিত করেন, ব্রাজিলের বিপক্ষে তাকে পাওয়া যাবে না।
মোরিয়াসু বলেন, ‘কুবো এখনো একা একা দৌড়াচ্ছে এবং হালকা অনুশীলন করছে। তাই ব্রাজিলের বিপক্ষে সে খেলতে পারছে না। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। সেও যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চায়।’
কুবোকে ছাড়াই অবশ্য গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ‘সামুরাই ব্লু’রা। টানা তৃতীয়বার এবং গত পাঁচ বিশ্বকাপের মধ্যে চতুর্থবারের মতো নকআউট পর্বে উঠেছে জাপান। তবে ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কুবোর অনুপস্থিতি যে বড় ধাক্কা, তা স্বীকার করেছেন কোচ নিজেও।
ব্রাজিলকে সমীহ জানিয়ে মোরিয়াসু বলেন, ‘ব্রাজিল সবসময়ই বিশ্বের অন্যতম সেরা দল। এই ম্যাচে তারাই ফেবারিট, সেটি আমরা জানি। অনেকেই জাপানকে আন্ডারডগ ভাবছেন। কিন্তু গত বছরও আমাদের জয়ের সম্ভাবনা খুব কম ধরা হয়েছিল, তারপরও আমরা জিতেছিলাম। এবারও আমাদের সুযোগ আছে। আমরা নতুন ইতিহাস গড়তে চাই।’
গত বছর এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল জাপান। সেই স্মৃতি থেকে আত্মবিশ্বাস খুঁজছে ‘ব্লু সামুরাই’রা। তবে কুবোর অনুপস্থিতিতে আজ তাদের সবচেয়ে বড় ভরসা হতে যাচ্ছে দলগত পারফরম্যান্স। এখন দেখার বিষয়, তারকা উইঙ্গারকে ছাড়াই ব্রাজিলের বিপক্ষে আরেকটি চমক দেখাতে পারে কি না জাপান।