বিশ্বকাপ নয়, প্রেমিকাই প্রাধান্য! কানাডার ম্যাচ দেখতে গেলেন না ট্রুডো

নিজ দেশের ম্যাচের বদলে প্রেমিকা কেটি পেরির পারফর্ম্যান্স দেখতে গিয়েসমালোচনার মুখে পড়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।তবে সমালোচকদের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুডো লিখেছেন, ‘কখনও কখনও সমর্থনকারী প্রেমিকের দায়িত্ব পালন করতে হয়।’
শুক্রবার (১২ জুন) ট্রুডো নিজ দেশ কানাডার খেলা দেখার বদলে যুক্তরাষ্ট্রের একটি ম্যাচ দেখতে যান। সেখানে ম্যাচ শুরু হওয়ার আগে তার প্রেমিকা পপ সুপারস্টার কেটি পেরি পারফর্ম করেন।
স্টেডিয়ামের ফুটেজে দেখা যায়, মঞ্চে পারফরম্যান্স শেষে দ্রুত গ্যালারিতে এসে প্রেমিক জাস্টিন ট্রুডোকে চুম্বন করে স্বাগত জানান কেটি পেরি।ম্যাচ চলাকালে টেলিভিশনের বিভিন্ন দৃশ্যেও এই জুটিকে গ্যালারিতে পাশাপাশি বসে খেলা উপভোগ করতে দেখা যায়।
বিষয়টি নিয়ে অনলাইনে অনেক কানাডিয়ান অসন্তোষ প্রকাশ করেছেন। টরন্টো থেকে একজন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রুডোর এই আচরণকে ‘দেশের জন্য চরম অপমান’ বলে আখ্যায়িত করেন। তিনি আরও লেখেন, এটি কতটা কুরুচিপূর্ণ তা বলে বোঝানো যাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লিপগুলো ভাইরাল হতে শুরু করলে অন্যরাও ট্রুডোকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘প্রতারক’ বলে কমেন্ট করে।
সব সমালোচনার জবাব দিয়ে কানাডার সাবেক এই প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে কানাডার পতাকার ইমোজি যুক্ত করে লেখেন, ‘মাঝে মাঝে সাপোর্টিভ প্রেমিকের দায়িত্ব পালন করতে হয়। আর আপনারা জানেন, ফুটবল বিশ্বকাপে আমি কাকে সমর্থন করছি।’
সাবেক এই প্রধানমন্ত্রী শুক্রবারের (১২ জুন) বিকেল ৩টার কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচটি মিস করেন। একি দিনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচটি উপভোগ করেন তিনি।
৫৩ বছর বয়সি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ৪১ বছর বয়সি সংগীত শিল্পী কেটি পেরি, ২০২৫ সালের জুলাই থেকে প্রকাশ্যে একসঙ্গে দেখা যাচ্ছে। চলতি বছরের ডিসেম্বরে ইনস্টাগ্রামের একটি পোস্টের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা নিশ্চিত করেন।
জাস্টিন ট্রুডো টিভি উপস্থাপক সোফি গ্রিয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি টানেন ২০২৩ সালে। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে জেভিয়ার (জন্ম ২০০৭), এলা-গ্রেস (জন্ম ২০০৯) এবং হ্যাড্রিয়েন (জন্ম ২০১৪) তারা যৌথভাবে সন্তানদের অভিভাবকত্ব পালন করছে।