গাজীপুরে চাঁদা না দেওয়ায় দোকানে হামলা-লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
> শুরুতে ১ লাখ পরে ১০ লাখ টাকা চাঁদা দাবি
গাজীপুর সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। এর প্রতিকার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী এস. এম. আতিকুল ইসলাম।
গত শনিবার (১৬ মে ২০২৬) উপজেলার বাঘের বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুল ইসলাম জানান, বাঘের বাজার উচ্চবিদ্যালয়ের পাশে নিজের জমিতে প্রায় তিন দশক ধরে দোকান নির্মাণ করে তিনি ভাড়া দিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র তার কাছে প্রথমে ১ লাখ এবং পরবর্তীতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২ মে রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল লোক তার ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তার ভাড়াটিয়াদের দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানের সামনে টিনের বেড়া দিয়ে ব্যবসা বন্ধ করে দেয়।
ভুক্তভোগী ওই ব্যবসায়ী জানান, এ ঘটনায় তিনি প্রথমে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে আদালতের শরণাপন্ন হয়ে মামলা করেন। তবে মামলা করার পর থেকে অভিযুক্তরা তাকে আরও বেশি ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আতিকুল ইসলাম। বর্তমানে সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।