টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ১২৬ কোটি ছয় লাখ আটানব্বই হাজার ৯৯৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটে এক কোটি দুই লাখ ৭৮ হাজার ৩৫৪ টাকার রাজস্ব উদ্বৃত্ব দেখানো হয়েছে। রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান।
বাজেট ঘোষণাকালে মো. সিদ্দিক হোসেন খান বলেন, আগামী অর্থবছরের মধ্যে মধুপুর পৌরসভার প্রতিটি সড়ক পাকাকরণ কাজ শেষ করা হবে। পরিচ্ছন্ন কার্যক্রম, লাইটিংসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মধুপুরকে দেশের শ্রেষ্ঠ ও মডেল পৌরসভায় পরিণত করা হবে।
প্রস্তাবিত বাজেটে রাজস্বখাতে আয় ধরা হয়েছে ৯ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৬৬৮ টাকা ৫২ পয়সা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৩১৪ টাকা। এর মধ্যে মূলধন বাজেট ৫ কোটি পয়ত্রিশ লাখ ১০ হাজার ৮৩৪ টাকা।
বৈদেশিক সাহায্যপুষ্ট নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৫ কোটি, জলবায়ু পরিবর্তনজনিত ট্রাস্টি ফান্ডের আওতায় দুই কোটি, কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারি প্রকল্পের আওতায় ১০ কোটি ২০ হাজার, ৩০ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ২৬ কোটি, টাঙ্গাইল জেলার ১০ পৌরসভা উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ কোটি, এডিপি ও পৌরসভার নিজস্ব তহবিল ৩ কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকাসহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে।
এই বাজেটে নির্ধারিত খাতে উন্নয়নের পাশাপশি পৌরসভার সকল সড়ক পাকা করণ ও পৌরসভা পরিচ্ছন্ন করণসহ জনকল্যাণমূলক কাজকে এই বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে।
বাজেট আলোচনা অংশ নেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মধুপুর পৌরসভার প্যানেল মেয়র মো. জাকিরুল ইসলাম ফারুক, বেশর আলী ফকির, কাউন্সিলর হারুন অর রশিদ, মধুপুর প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, আজকের পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান প্রমূখ