শনিবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি কাগজের গোডাউনে আগুন লাগে। পরে আশপাশে থাকা শাহীদা এপারেলস এন্ড প্রিন্টং নামে বাচ্চাদের পোশাক তৈরী করা একটি কারখানাসহ ৩টি ঝুটের গোডাউন ও একটি বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাত পৌনে ২টার দিকে কোনাবাড়ীর আমবাগ এলাকার মাদবর চালায় ওই কাগজের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পাশের লোকজন কারখানায় ধোঁয়া দেখতে পেয়ে কোনাবাড়ী ফায়ারসার্ভিসকে খবর দিলে কোনাবাড়ী ও গাজীপুর ফায়ারসার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
এ ঘটনায় শাহীদা এপারেলস এন্ড প্রিন্টং এর মালিক শাহ আলম সরকার বলেন, রাত ২টার দিকে পাশে থাকা একটি কাগজের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পাশে থাকা আমার ৪টি থাকার রুমসহ কারখানার সব মালামাল পুড়ে প্রায় ১ কোটি টাকা এবং পাশের ৪টি গোডাউনের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে এ ঘটনায় ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানাতে পারেননি।