রাঙামাটিতে কয়েকদিনের তীব্র তাপ প্রবাহের পর স্বস্তির বৃষ্টির সময় বজ্রপাতে তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ( ২ মে) শহরের সিলেটি পাড়া, বাঘাইছড়ি উপজেলা ও সাজেকে এই তিন জনের মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের সিলেটি পাড়া এলাকার মো. নজির (৫০), বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকার বৃদ্ধা বাহার জান (৬০) ও । সাজেকের লংথিয়ান পাড়ার তনিবালা ত্রিপুরা (৩৭)।
জানা গেছে, সকালে ৯টার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে গরু আনতে বাড়ির পাশে মাঠে যায় বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকার বৃদ্ধা বাহার জান। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়, একই সঙ্গে মারা যায় গরুটিও।
অন্যদিকে সকাল সাড়ে আটটার দিকে রাঙামাটি শহরের সিলেটি পাড়া এলাকায় কাপ্তাই হ্রদে বরশি দিয়ে মাছ ধরছিলেন মো. নজির (৫০)। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।
এদিকে সকালের বৃষ্টির সাথে বজ্রপাতে জেলার সাজেকের লংথিয়ান পাড়ায় তনিবালা ত্রিপুরা (৩৭) নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার তার মৃত্যুর বিষয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) ইশতিয়াক আহমেদ জানান, বাড়ির পাশে মাঠে বৃষ্টিতে গরু আনতে গেলে বজ্রপাতে গরু ও বাহার জানের মৃত্যু হয়।