ওমানে রাউজানের প্রবাসীর লাশ উদ্ধার

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নিশাত রিমন ওরফে বাবু নামে রাউজানের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার ১৪ এপ্রিল বাংলাদেশ সময় দুপুর ১টায় ওমানস্থ সোহারের একটি শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।

সে দেশের পুলিশ জানায়, বাংলাদেশী যুবক আত্মহত্যা করেছে। লাশটি উদ্ধার করে হিমাগারে রাখা হয়েছে। আত্মহননকারী বাবু চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বড় ঠাকুর পাড়া গ্রামের কোরআন মঞ্জিল বাড়ির প্রয়াত মোজাহের হোসেনের ছেলে।

জানা যায়, গত তিন চার বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান বাবু। থাকতেন ওমানের সোহারে, কর্মরত ছিলেন ওমানের মক্কা শপিং সেন্টারের একটি কোম্পানিতে। দুইবোনকে বিয়ে দেওয়ার পর গত দেড় বছর আগে দেশে ফিরে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে হন বাবু। বিয়ের পর পুনরায় ওমানে চলে যান।

স্থানীয় ইউপি সদস্য মো. খালেক বলেন, পারিবারিক কলহের জের ধরে বাবু আত্মহত্যা করেছে বলে শুনেছি। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।