ঈদের ছুটিতেও সরকারি হাসপাতালের চিকিৎসাসেবায় সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

ঈদের ছুটিতে সরকারি হাসপাতালগুলোয় রোগীদের চিকিৎসাসেবা দেওয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই সন্তুষ্টি প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত তিন দিনে হাসপাতালগুলো ঘুরে আমি খুব সন্তুষ্ট। চিকিৎসক, নার্স প্রত্যেকেই কাজ করছেন।

তিনি বলেন, ঈদের ছুটিতে আমি হাসপাতালগুলো তদারকি করব বলে অঙ্গীকার করেছিলাম। সেই হিসেবে গত পরশু ও আজ হাসপাতাল পরিদর্শনে বের হয়েছি। আমরা আরও হাসপাতাল পরিদর্শন করব। এখানে (কুর্মিটোলা জেনারেল হাসপাতাল) যে স্বাস্থ্যসেবা দেখলাম, তাতে আমি সন্তুষ্ট। তবে একটি জিনিস আমাদের করতে হবে। এই হাসপাতালটি অনেক বড়।

তিনি আরও বলেন, আমি সচিব ও ডিজিকে বলছি, আমরা যদি জনবল দিয়ে এই হাসপাতালকে আরও সচল করি, তাহলে ঢাকা মেডিকেল ও মুগদা মেডিকেলে রোগীর চাপ কমবে।

এক প্রশ্নের জবাবে ডা. সামন্ত লাল সেন বলেন, আমি ঈদের আগে বলেছিলাম, স্বাস্থ্যসেবায় যেন কোথাও বিঘ্ন না ঘটে৷ আমি সেটি পেয়েছি। শুধু ঢাকায় নয়, আমি এই কয়দিন প্রতিটি বিভাগ, প্রতিটি মেডিকেল কলেজের বাইরে যারা তাদের সঙ্গেও কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন, চিকিৎসা সেবা ব্যাহত হয়নি। আমরা এবার ডাক্তারদের থাকা-খাওয়া ব্যাপারটি নিশ্চিত করেছি। যে কারণে ডাক্তাররা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন।