বাঁশখালী ইকোপার্ক সংলগ্ন শীলকূপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আশিঘর পাড়া এলাকায় পাহাড়ের ঢালুতে অবৈধভাবে নির্মানাধীন ঘর ভেঙ্গে দিল ইকোপার্ক বন বিট কর্মকর্তারা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে বাঁশখালী থানা পুলিশের উপস্থিতিতে ঘরটি উচ্চেদ করতে যায় বন কর্মকর্তারা। তাতে স্থানীয় মোক্তারের স্ত্রী ও এলাকাবাসী বাঁধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে বন বিভাগের কর্মকর্তা বিশু দাশ এবং স্থানীয় আয়েশা, নাছিমা, খালেদা, হাছিনা, নাছির ও ফরিদ আহত হয়।
এলাকাবাসীর অভিযোগ, মোক্তার অর্থের বিনিময়ে বন কর্মকর্তাদের কাছ থেকে ঘর নির্মাণের অনুমতি নিয়েছিল।
ইকোপার্ক বন বিটের রেঞ্জ কর্মকর্তা ইস্রাফিল হক জানান, স্থানীয় ইসমাইল নামে এক সন্ত্রাসীর ছত্রছায়ায় মোক্তার পাহাড় কেটে বসতঘর নির্মাণ করেছে জেনে আমরা উচ্ছেদ করতে গেলে কৌশলে মহিলাদেরকে লেলিয়ে দেয়। তাদের সরাতে গিয়ে কয়েজন মহিলা সামান্য আহত হয়েছে। তারা আমাদের কর্মীদের আঘাত করতে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একরাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। তাদের সাথে আমাদের অর্থ বিনিময়ের ঘটনা সাজানো। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।