চট্টগ্রামের সন্দ্বীপে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার পর ঘরে তোলার রাতে প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার হারামিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাহরূপ গোমস্তার এলাকার আনোয়ার হোসেনের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ৩০ ডিসেম্বর আনোয়ার হোসেন সৌদি আরব থেকে দেশে ফিরেন। এরপর থেকে অসুস্থ স্ত্রী ফাতেমা বেগমের সাথে ঝগড়াঝাটি হয়। গতকাল রবিবার রাতে আনোয়ার হোসেন দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে ঘরে তোলার পর ফাতেমা বেগমের সাথে ঝগড়া হয়।
পুলিশ জানায়, আনোয়ার হোসেন ৯৯৯-এ ফোন করলে সন্দ্বীপ থানা পুলিশ সকালে ঘটনাস্থলে যায়। পরে বেলা ১২ টার সময় পুলিশ আনোয়ার হোসেনকে থানায় নিয়ে আসে।
আনোয়ার হোসেন ও নিহত ফাতেমার ঘরে ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
নিহত ফাতেমার ভাই ইউছুপ ও নজরুলের দাবি, তাদের বোনকে আনেয়ার হত্যা করেছে।
তারা আরো জানান, আনোয়ার সব সময় আমার বোনকে মারধর করত।
ফাতেমার মেয়ের সামী মিনহাজ বলেন, আমার শাশুড়ি অসুস্থ ছিলেন। গতকাল দুপুরে আমি আমার স্ত্রীসহ বেড়াতে আসি। শ্বশুরকে আম্মা অসুস্থ জানানোর পরও তিনি চিকিৎসা করাতে পারবেন না বলে জানান। পরে আমি বাড়িতে আসার পর রাতে আম্মার মৃত্যুর খবর শুনি।
সন্দ্বীপ থানার ওসি তদন্ত জাকির হোসেন বলেন, আমরা ঘটনা সরেজমিনে প্রত্যক্ষ করছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ময়নাতদন্তের ওপর ভিত্তি করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।