সাংবাদিক আজাদ তালুকদারের কবর জিয়ারত করেছেন তথ্যমন্ত্রী

একুশে পত্রিকার প্রয়াত সম্পাদক আজাদ তালুকদারের কবর জিয়ারত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উত্তর পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদের গোরস্তানে তিনি আজাদ তালুকদারের কবর জিয়ারত করেন।

এ সময় তথ্যমন্ত্রীর ছোট ভাই রাশেদ মাহমুদ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারেক সোহেল, ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ, ব্যক্তিগত কর্মকর্তা (রাজনৈতিক) কায়ছারুল আলম ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে মোনাজাত পরিচালনা করেন উত্তর পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জমির উদ্দিন।

প্রসঙ্গত, গত ২ আগস্ট ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার৷ একইদিন সন্ধ্যায় উত্তর পদুয়া গ্রামে বাবার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সাহসী সাংবাদিক হিসেবে পরিচিতি পাওয়া আজাদ তালুকদার ১৯৯৫ সাল থেকে বন্দরনগরীতে সাংবাদিকতা করে আসছিলেন। তিনি একাত্তর টিভি, বৈশাখী টিভি, একুশে টিভি ও আন্তর্জাতিক ফিচার সংস্থা-সান ফিচার সার্ভিসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এছাড়া কপ-১৭ (ডারবান), কপ-১৮ (দোহা), কপ-১৯ (ওয়ারশো) কাভার করার পাশাপাশি পেশাগত প্রয়োজনে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন।

করোনার সংক্রমণ শুরুর পর ২০২০ সালে মাত্র ১৪ দিনে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ এর অন্যতম প্রতিষ্ঠাতা আজাদ তালুকদার।

২০০৪ সাল থেকে একুশে পত্রিকা সম্পাদনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সাফল্য নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন আজাদ তালুকদার।