সুন্দরবনে শুরু হয়েছে বাঘ গণনা। সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এ গণনার কাজ শুরু হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল থেকে বনে ক্যামেরা ট্র্যাপিংয়ের (ফাঁদ) কাজ শুরু করেছে বন বিভাগ।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন বছরের প্রথম দিন সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে তৃতীয়বারের মতো বাঘ গণনার কাজ শুরু হয়েছে।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ও বাঘ সংরক্ষণ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর (পিডি) ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে সুন্দরবনের বাঘ গণনা শুরু হয়েছে। ৩০ জন লোক এ কাজে নিয়োজিত রয়েছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, বনের গভীরে এমন সব জায়গায় ক্যামেরা স্থাপন করা হচ্ছে যেখান দিয়ে বাঘ চলাচলের সম্ভাবনা আছে। খুঁটিতে বাঘের আনুমানিক উচ্চতায় ক্যামেরা বসানো হবে। এসব ক্যামেরার সামনে দিয়ে বাঘ বা কোনো প্রাণী চলাফেরা করলেই স্বয়ংক্রিয়ভাবে ছবি উঠবে।
আর এ কাজে সব মিলিয়ে ৬৬৫টি গ্রিডে জোড়া ক্যামেরা বসানো হচ্ছে। এরমধ্যে সাতক্ষীরা রেঞ্জে ২০০টি, খুলনা রেঞ্জে ১৪০টি, শরণখোলা রেঞ্জে ১৮০টি, চাঁদপাই রেঞ্জে ১৪৫টি। প্রতিটি গ্রিডে এক জোড়া ক্যামেরা বসানো হবে। প্রতি গ্রিডে ৪০ দিন ক্যামেরা থাকবে। প্রতি ১৫ দিন অন্তর ক্যামেরার ব্যাটারি ও এসডি কার্ড পরিবর্তন করা হবে।
ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে ছবি তোলার পর অ্যানালাইসিস করে বাঘের সংখ্যা নির্ধারণ করা হবে।