প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট দেশের বড় নেতা হওয়ায় তাকে নিয়ে ষড়যন্ত্র হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। সোমবার দুপুরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
আমির হোসেন আমু বলেন, ‘পৃথিবীর হাতে গোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে শেখ হাসিনা নিজেকে অন্যতম একজন রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। আজকে আমি বলতে চাই, যেহতু ছোট দেশ, বড় নেতা, ষড়যন্ত্র হওয়া স্বাভাবিক।’ আমু অভিযোগ করেন, ঈর্ষাকাতর একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এ সময় নৌকাকে জয়যুক্ত করার মাধ্যমে এসব ষড়যন্ত্রের জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন ১৪ দলের সমন্বয়ক। সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি-জামাতের অপকর্মের কারণে হরতাল অবরোধকে ঘৃণা করতে শুরু করেছে জনগণ।’ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ঘরের শত্রুদের প্রতিহত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের মুল শত্রু অভ্যন্তরীণ শত্রু। যারা আমাদের নিজেদের গোত্রের। আমাদের নিজেদের দেশের মধ্যেই তারা বসবাস করে। যারা হয়তো বা আমাদের দলের মধ্যেও ঘাপটি মেরে রয়েছে। আমাদের পরিবারের মধ্যেও যাদের বসবাস। যারা আমাদের মধ্যে মৌলবাদের বীজ বপন করতে চায়।’