ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এএস এম মাকসুদ কামাল।
শনিবার (৪ নভেম্বর) সকাল নয়টায় সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান একাডেমিক ভবনে তার কাছে এই দ্বায়িত্ব হস্তান্তর করেন। এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার সর্বশেষ কার্যক্রম শেষ করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, ডিন, প্রভোস্ট, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক ও রাজনৈতিক সংগঠন নতুন উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন।
এরপর সকাল ১১টায় ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যাপক মাকসুদ কামাল। এসময় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান বৃদ্ধি এবং আধুনিকায়নে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন নতুন উপাচার্য।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯ তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করা এই অধ্যাপক।
গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
অধ্যাপক মাকসুদ কামাল ২০২০ সালের জুন মাস থেকে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন তিনি।