আজ বিজয়া দশমী,বিকেলে প্রতিমা বিসর্জন

সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ। আজ বিজয়া দশমী। দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে চলে যাবেন স্বস্থানে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দশমী বিহিতপূজা শুরু হয়েছে। পূজা শেষে দর্পণ-বিসর্জন দেওয়া হবে। বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন,তাই মা দুর্গাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠবেন ভক্তরা।

মা দুর্গা মর্ত্যলোক ছেড়ে চলে যাওয়ার এই মুহূর্তে ভক্তদের মধ্যে বিদায়ের কষ্ট দেখা যায়। এছাড়া দেবী মার বিদায়ের সময় বিদায়ের সুর বাজবে ঢাক ও শঙ্খের ধ্বনিতে।

সনাতনী শাস্ত্র মতে, এবার দেবী দুর্গার আগমন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। যার ফল খুব একটা শুভ নয়। শাস্ত্র অনুযায়ী দেবীর ঘোড়ায় ছত্রভঙ্গের ইঙ্গিত দেয়। এছাড়া দেবীর গমনও রয়েছে ঘোটকে। যার ফলও শুভ বার্তা দিচ্ছে না।

জানা গেছে, বিজয়া দশমীর যাত্রা শেষে আজ দেবী দুর্গার প্রতিমা বিসর্জন করা হবে জলে। বিভিন্ন মণ্ডপের প্রতিমার বিসর্জন দুপুর থেকে বিকেলের মধ্যে হয়ে যাবে। আবার অনেক মণ্ডপের প্রতিমার বিসর্জন আজ রাতে করা হবে।