রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে ধরে নিয়ে বেধড়ক মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ যে অন্যায় করেছেন, তার যথাযথ শাস্তি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১০ সেপ্টেম্বর) আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব (আফতাবনগর) ও ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) এবং পাসপোর্ট বাতায়নের (কল সেন্টার) শুভ উদ্বোধন অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আফতাবনগরের পাসপোর্ট অফিসের সামনে উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা যে করেছে, সে পুলিশের হোক বা যেই হোক না কেন, অন্যায় করলে শাস্তি পেতে হবে। কেন করেছে, কি করেছে, আমরা জিজ্ঞাসা করবো। তার ভুল কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহিতা করতে হবে।’
এডিসি হারুনের বিরুদ্ধে এর আগেও মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গতকালের ঘটনাটি প্রথম উল্লেখযোগ্যভাবে এসেছে, আমরা একটু দেখে নেই। আমরা এটা নিয়ে কাজ করছি। সে যতখানি অন্যায় করেছে সেই শাস্তি সে পাবে।’
এমএইচএফ