আগস্টের ১১ দিনে প্রবাসীরা পাঠালেন ৬৯ কোটি মার্কিন ডলার

আগস্ট মাসের প্রথম ১১ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ৬৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।  রোববার (১৩ আগস্ট) এ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১১ দিনে ৬৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।  এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ১০ লাখ ৮০ হাজার ডলার।

আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫৯ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ৫০ হাজার ডলার।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা সংস্থার (আইএমএফ) শর্ত অনুযায়ী আন্তর্জাতিক নিয়মে দেশে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ ২ হাজার ৩২৬ কোটি (২৩ দশমিক ২৬ বিলিয়ন) ডলার। বুধবারের (৯ আগস্ট) তথ্য অনুযায়ী, দেশের রিজার্ভ আছে ২ হাজার ৯৫৩ কোটি ডলার (২৯ দশমিক ৫৩ বিলিয়ন) ডলার।

তবে আইএমএফের শর্ত অনুযায়ী- আন্তর্জাতিক মানদণ্ডের প্রকৃত রিজার্ভে ৬২৭ কোটি ৬১ লাখ ডলার বাদ দেওয়া হয়েছে।  সেই প্রকৃত রিজার্ভ নেমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ২৬ বিলিয়ন ডলারে।