সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির জটিলতা অবশেষে কেটেছে। প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেয়া শুরু হয়েছে। এর মাধ্যমে সহকারী শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।
বৃহস্পতিবার (৩ আগস্ট) লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রায়পুর উপজেলার ২০৫ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে (গ্রেড-১১, বেতনক্রম-১২৫০০-৩০২৩০ টাকা) পদোন্নতির অফিস আদেশ জারি করেছে।
পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের আগামী ৮ আগস্টের মধ্যে জেলার প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে যোগদান করতে হবে। উল্লিখিত তারিখে কেউ যোগদানে ব্যর্থ হলে তিনি পদোন্নতির যোগ্য নন বলে গণ্য হবেন এবং তার পদোন্নতির আদেশ বাতিল হবে।
যোগদানের ২ কার্য দিবসের মধ্যে তাদের পদায়ন করা হবে। এ ক্ষেত্রে চলতি দায়িত্ব/ভারপ্রাপ্ত হিসেবে নিয়োজিত পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেই পদায়ন করতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের নির্দেশনায় মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের উদ্যোগে পদোন্নতি-সংক্রান্ত জটিলতার নিরসন হয় বলে জানায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মামলা ছাড়াও সারা দেশের সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা চূড়ান্ত করা নিয়ে বড় ধরনের জটিলতা ছিল। কারণ, বিষয়টি ছিল জটিল ও সময়সাপেক্ষ। এ সমস্যা উত্তরণে ‘সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা’ নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়। এরপরই ডিজিটাল পদ্ধতিতে চূড়ান্ত হয় গ্রেডেশন লিস্ট।