পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বোমা হামলায় ৪০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুইশরও বেশি মানুষ।
রোববার (৩০ জুলাই) খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে আয়োজিত রাজনৈতিক দল জমিয়ত উলামা ইসলাম- ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে এ বোমা হামলার ঘটনা ঘটে। ।
খাইবার পাখতুনখোয়ার তথ্যমন্ত্রী ফিরোজ জামাল শাহ জিও নিউজকে জানিয়েছেন, জমিয়ত উলামা ইসলামের দলের নেতারা বক্তব্য দেওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এ হামলায় দলটির জ্যেষ্ঠ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
খাইবার পাখতুনখোয়া পুলিশের আইজিপি আখতার হায়াত খান জানিয়েছেন, তারা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছেন এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও এ ব্যাপারে কথা বলেছেন। বোমা হামলার সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
খাইবার পাকতুনখাওয়ার তথ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এখন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়াই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেছেন, উদ্ধার অভিযানে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী যোগ দিয়েছে।
সম্মেলনে যোগ দেওয়া রহিম শাহ নামে এক ব্যক্তি সংবাদমাধ্যম দ্য ডনকে জানিয়েছেন, সেখানে ৫০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ‘আমরা বক্তৃতা শুনছিলাম তখন শক্তিশালী বিস্ফোরণ হয়। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে তখন সর্বত্র রক্ত দেখতে পাই। মানুষ চিৎকার করছিল। গুলির শব্দও শোনা যায়।’
সূত্র: জিও নিউজ