চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে নগরীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ছয়টি বুথে দুই ঘণ্টায় ভোট পড়েছে ২৮টি। অন্যদিকে তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি।
রোববার (৩০ জুলাই) সরেজমিন থেকে এই তথ্য পাওয়া যায়। এর আগে একই দিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জানা গেছে, ওই কেন্দ্রটিতে ২ হাজার ৩৪৬ জন ভোটার আছেন। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ছয়টি বুথে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২৮টি। অন্যদিকে তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি।
এদিকে ১ ঘণ্টা ৫০ মিনিটে ওই কেন্দ্রের এক নম্বর বুথে ভোট পড়েছে ১০টি, দুই নম্বর বুথে ছয়টি, তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি। এ ছাড়াও চার নম্বর বুথে সাতটি, পাঁচ নম্বর বুথে দুটি, ছয় নম্বর বুথে তিনটি করে ভোট পড়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পুলক কুমার বড়ুয়া জানান, রোববার সকালে ভোটারের উপস্থিতি কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
অন্যদিকে সকাল ৯টায় পাঁচলাইশের নতুনকুঁড়ি আইডিয়াল স্কুল কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রটিতে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩৪টি। তবে কেন্দ্রটিতে দুই হাজার ৫৬৬ জন ভোটার রয়েছে।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনিষ দেবনাথ বলেন, ভোটাররা আসছেন, তবে কম। বেলা বাড়লে ভোটারও বাড়বে।
প্রসঙ্গত, ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনে পাঁচ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন-আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভুঁইয়া ‘রকেট’, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুল আলম ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত ‘সোনালী আঁশ’ ও গণমুক্তি জোটের রশিদ মিয়া ‘ছড়ি’ প্রতীকে নির্বাচন করছেন।
নির্বাচন ভবনে ইসির আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল কাজ করছে। নির্বাচনে দুজন জুডিশিয়াল এবং ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পুলিশ ছাড়াও ৪ প্লাটুন বিজিবি এবং র্যাবের ৪টি টহল দল মোতায়েন রয়েছে।
এমএইচএফ