চাঁদা তুলে লটারির টিকিট কিনে কোটিপতি ১১ নারী

ভাগ্যের চাকা কখন ঘুরে যায় কেউ বলতে পারে না- এমন একটি প্রবাদ প্রচলিত আছে আমাদের সমাজে।  সেই প্রবাদের বাস্তব চিত্র দেখলেন ভারতের ১১ নারী।  যারা চাঁদা তুলে মাত্র ২৫০ রুপির একটি লটারির টিকিট কিনেছিলেন।  সেই লটারির টিকিটেই রাতারাতি কোটিপতি হয়ে গেছেন তারা সবাই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে ২৫০ রুপির একটি লটারির টিকেট কেনার সিদ্ধান্ত নেন হরিয়ানা রাজ্যের ওই ১১ নারী।  কিন্তু একা ২৫০ রুপি খরচ করার সামর্থ্য ছিল না কারও। ফলে চাঁদা তুলে একটি টিকিট কেনেন তারা। আর এতেই বাজিমাত হয়। লটারিতে তারা সবাই মিলে জিতেছেন ১০ কোটি রুপি।

ওই ১১ নারী হরিয়ানার পারাপ্পানানগাদি পৌরসভায় ময়লা ও আবর্জনা পরিশোধন বিভাগে কাজ করেন।  যে ১১ জন টিকেট কিনেছিলেন তাদের মধ্যে একজনের কাছে কোনো অর্থই ছিল না।  ফলে তিনি পরিচিত একজনের কাছ থেকে ধার নিয়ে লটারির টিকেটের টাকা দিয়েছিলেন।

ওই ১১ নারীর পক্ষে টিকেটটি কিনেছিলেন রাধা নামের একজন।  তিনি বলেছেন, ‘আমরা আগেও চাঁদা তুলে লটারির টিকেট কিনেছি।  কিন্তু এবারই প্রথমবার আমরা এই বড় পুরস্কার জিতলাম। ’

বুধবার (২৬ জুলাই) কেরালা লটারি বিভাগ বিজয়ী টিকিটের নম্বর ঘোষণা করে। এরপর ওই নারীরা জানতে পারেন তারাই সেই সৌভাগ্যবান বিজয়ী।