আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে নিজের মৃত সন্তানের শেষকৃত্যে যোগ দেওয়া লোকজনের ওপর গুলি চালিয়ে ৯ শিশুসহ ১৩ জনকে হত্যা করেছে এক সৈন্য।
শনিবার (২২ জুলাই) রাতে কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের লেইক আলবার্ত শহরের নিয়াকোভা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে বলে রোববার (২৩ জুলাই) দেশটির সেনাবাহিনী ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর রয়টার্স।
ইতুরি প্রদেশের সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো টেলিফোনে রয়টার্সকে বলেছেন, ওই সৈনিককে অনুসন্ধানকারী দলের সদস্যরা খুঁজছেন। তবে কী কারণে নৌবাহিনীর ওই সদস্য তার সন্তানের শেষকৃত্যে আসা লোকজনের ওপর গুলি চালিয়েছেন তা পরিষ্কার নয়। গ্রামের প্রধান অস্কার বারাকা মুগুওয়ার মতে, ওই সৈন্য তার উপস্থিতি ছাড়াই সন্তানকে দাফন করা হতে পারে, এমন ভাবনা থেকে উদ্বিগ্ন ছিলেন।