বিজ্ঞাপনী আয় অর্ধেকে নামায় মাথায় হাত মাস্কের

সামাজিক মাধ্যম টুইটারের বিজ্ঞাপনী আয় কমে গিয়ে ঠেকেছে অর্ধেকে।  ফলে, আর্থিক লোকসানের মুখে পড়েছে কোম্পানিটি।  এমনই বলছেন প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক।

শনিবার (১৫ জুলাই) এক ব্যবহারকারীর ব্যবসায়িক উপদেশ সংশ্লিষ্ট টুইটের জবাবে মাস্ক বলেন, আয়ের চেয়ে এখনও ব্যয় বেশি। কারণ, কোম্পানির বিজ্ঞাপনী আয় হয়ে গেছে প্রায় অর্ধেক, এর পাশাপাশি আছে বিশাল ঋণের বোঝা।  আমাদের অন্য কোনো রকম বিলাসিতা দেখানোর আগে অর্থ প্রবাহের দিক ঘুরানো দরকার।

গত অক্টোবরে চার হাজার চারশ কোটি ডলারে টুইটার অধিগ্রহণের পর থেকেই মাস্ক সেইসব বিজ্ঞাপনদাতাকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, যারা কোম্পানির শীর্ষ কর্মকর্তা ও কর্মীদের ব্যাপক ছাঁটাই এবং কনটেন্ট মডারেশনে ভিন্ন পদ্ধতি অবলম্বনের মতো বিষয়াদি নিয়ে উদ্বিগ্ন ছিলেন।  এ ছাড়া, সাইটে নিষিদ্ধঘোষিত কয়েকটি হাই প্রোফাইল অ্যাকাউন্টকেও প্ল্যাটফর্মে ফেরার সুযোগ দেন তিনি।

এ মাসেই টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে মেটার নতুন টেক্সটভিত্তিক অ্যাপ ‘থ্রেডস’, যা পাঁচ দিনের মধ্যেই ১০ কোটি ব্যবহারকারী পেয়ে রেকর্ড গড়েছে।  সেবাটির বিরুদ্ধে টুইটার আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছিল।