নিউইয়র্কে শাকিবের গাড়িতে অপু

খোলাসা করলেন নায়িকা

ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।  শুরুটা জুটি বেঁধে অভিনয়, সেখান থেকে প্রেম, সেই প্রেম পরিণত হয় গোপন বিয়েতে।  ফলাফল অপুর কোলজুড়ে আসে ফুটফুটে এক পুত্রসন্তান।  এরপরই ভালোবাসার আকাশে কালো মেঘের ঘনঘটা।  এক দশকের দাম্পত্যজীবনের ইতি টেনে দুজনেই একে অপরের প্রাক্তনের খাতায় নাম লেখান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে এই তারকাদ্বয়ের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেটি দেখে অনেকেই ধারণা করছেন, মান অভিমান ভুলে আবারও এক হয়েছেন তারা।

ভিডিওতে দেখা যায়, খাবারের দোকান থেকে বেরিয়ে ছেলে জয়ের হাত ধরে রাস্তা পার হচ্ছেন শাকিব।  পিছনে হেঁটে আসছেন অপু বিশ্বাস।  এরপর কালো রঙের একটি গাড়িতে সামনের সিটে উঠে বসেন অপু এবং ছেলেকে নিয়ে পেছনের সিটে চড়ে বসেন শাকিব খান।

প্রাক্তন স্বামী শাকিবের সঙ্গে বর্তমানে সম্পর্কের সমীকরণটা ঠিক কী, যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলার অনুষ্ঠানে হাজির হয়ে এ বিষয়টি খোলাসা করেন অপু বিশ্বাস।  অপু বলেন, ‘বেলা শেষে শাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি।  সুতরাং পারিবারিক সম্পর্কের ব্যাপারটা ব্যাখ্যা করতে গেলে ব্যক্তিগত জীবন চলে আসে।  কিন্তু ব্যক্তিজীবন নিয়ে আমি বলতেই চাই না। ’

এদিকে, একটি সংবাদমাধ্যমে অপু বলেছেন, সবচেয়ে বড় কথা, আমাদের সন্তান জয় প্রথম যুক্তরাষ্ট্রে এসেছে।  তার কাছে এখানকার চারপাশটা নতুন।  তার বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে জয়।  বাংলাদেশে থাকতেও সে বাবার সঙ্গে ঘুরতে বের হয়।  কিন্তু এখানে ঘুরতে বের হয়ে কিছু সময় বাবা-মাকে একসঙ্গে কাছে পেয়ে সময়টা বেশিই উপভোগ করছে সে।  ’

এই অভিনেত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রে আসার পরদিনই শাকিবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে।  এরপর তো ছেলেকে নিয়ে শাকিব ঘোরাঘুরি করছেন।  ছেলেকে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছেন।  শপিংয়ে নিচ্ছেন।  কোনো কোনো সময় আমিও সঙ্গে থাকছি।  ব্যাপারটা এই তো।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস।  ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে।  ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু।  এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।

এর পর ওই বছর চিত্রনায়িকা বুবলীর সঙ্গে গোপনে ঘর বাঁধেন শাকিব খান।  ২০২০ সালে তাদের ঘরে জন্ম নেয় ছেলে শেহজাদ খান বীর।  ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি পোস্ট করে শাকিবের সঙ্গে বিয়ের কথা জানান বুবলী।  তবে তার সঙ্গে বিয়েবিচ্ছেদ হয়েছে কিনা সেই বিষয়টি কখনও পরিষ্কার করেননি শাকিব।

সদ্য শেষ হওয়া ঈদে নিজের অভিনীত ‘প্রিয়তমা’ মুক্তির পরই যুক্তরাষ্ট্রে উড়াল দেন সেখানকার গ্রিন কার্ডধারী শাকিব খান।  কয়েকদিন পর ছেলেকে নিয়ে আমেরিকার ফ্লাইট ধরেন অপু।  অনেকের ধারণা, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে সাবেক স্ত্রী ও পুত্রসন্তানকে অভ্যর্থনা জানান শাকিব নিজেই।  এরপর তিনজন মিলে একসঙ্গে ফিরেছেন গন্তব্যে।

এর আগে ঈদুল আজহায় এই প্রাক্তন দম্পতি একে অপরের সিনেমার প্রচারণা করেছেন সোশ্যাল মিডিয়ায়।  অপুর ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানান শাকিব।  সেই স্ট্যাটাস শেয়ার দিয়ে অপু লিখেছেন, ‘আমার প্রতিটি সাফল্যের পেছনে মা-বাবার পরেই তোমার অবদান। ’ যে কারণে অনেকে ধরে নিয়েছেন, অপু ও জয়কে নিয়ে মার্কিন মুলুকে ফের সংসার সাজাচ্ছেন শাকিব।