মায়ের কাছে থাকবে জাপানি দুই শিশু

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা মা নাকানো এরিকোর জিম্মায় থাকবে। এই দুই শিশুর বাবা ইমরান শরীফের করা আপিল খারিজ করে দিয়েছেন ঢাকা জেলা জজ আদালত।

রোববার ঢাকার জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান ভুঁইয়া বাবার আপিল খারিজ করে এ রায় দেন।

জাপানি মা নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শিশুর বাবা ইমরান শরীফের আপিল খারিজ করে মায়ের পক্ষে রায় দিয়েছেন আদালত।

ইমরান শরীফের আইনজীবী নাসিমা আক্তার জানান, গত ১১ জুলাই এ মামলার তারিখ ধার্য ছিল। আমরা এ আদালতে ন্যায়বিচার পাব না জানিয়ে উচ্চ আদালতে আপিল করেছি। আপিল বিভাগে এ বিষয়টির ওপর শুনানির তারিখ ধার্য রয়েছে। ওইদিন আমরা শুনানি না করে আপিল বিভাগের বিষয়টি জানিয়ে সময় আবেদন করি। তিনি সময় আবেদন নামঞ্জুর করেন।

তিনি বলেন, আমরা আগেই আশঙ্কা করেছিলাম ন্যায়বিচার পাব না। আমাদের সেই আশঙ্কা সত্যি হলে। তবে, আমরা আইনি লড়াই চালিয়ে যাব।

গত ৬ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ইমরান শরীফের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিমা আক্তার লাভলী জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে- এ সংক্রান্ত আপিল শুনানিতে বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তন চেয়ে আবেদন করেন। পর ওই আবেদনের শুনানি নিয়ে খারিজ করেন হাইকোর্ট।

এর আগে গত ৯ মার্চ জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বিদেশে নিয়ে যেতে জাপানি মায়ের আবেদন নাকচ করেন আপিল বিভাগ। একইসঙ্গে দুই শিশু কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল জেলা জজ আদালতকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। এ সময় পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা যেভাবে আছেন সেভাবেই থাকবে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ২৯ জানুয়ারি বাংলাদেশি বাবা ইমরান শরীফ ও জাপানি মা নাকানো এরিকোর দুই শিশুকে জাপানি মা নাকানো এরিকোর জিম্মায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত। নাবালিকা দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা কোথায় থাকলে কল্যাণ হবে সেদিক বিবেচনায় রেখে এ রায় দেয়া হয়। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ রায় দেন।

এমএইচএফ