জনগণ ও দেশের কল্যাণেই রিজার্ভের টাকা ব্যয় হয়েছে

জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ও দেশের কল্যাণেই রিজার্ভের টাকা ব্যয় হয়েছে।  আওয়ামী লীগ সরকার এক টাকাও অপচয় করেনি।

আজ শনিবার (১২ নভেম্বর) ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের উদ্বোধনের সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী।  অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সময় রিজার্ভের ঘাটতি ছিল, সেটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করে আওয়ামী লীগ সরকার।  চুরি করে অর্থ-সম্পদ বানিয়েছে বিএনপি নেতারা।  আওয়ামী লীগ একটি টাকাও অপচয় করেনি।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে।  এ আঘাতটা আমাদের দেশেও এসে পড়েছে।  আজকে রিজার্ভের টাকা থেকে আমাদের যেমন আমদানি ব্যয় মেটাতে হচ্ছে, পাশাপাশি আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি।  করোনা পরীক্ষার ব্যবস্থাও বিনা পয়সায় করেছি।  আমরা নগদ টাকা দিয়েই ভ্যাকসিন কিনি।

শেখ হাসিনা আরও বলেন, আমরা যেটুকু খরচ করেছি সেটা জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে।  সার, জ্বালানি তেল, বিদ্যুৎ আমাদের কিন্তু কিনতে হচ্ছে।  নগদ টাকা দিয়ে আমরা কিনছি।  তাছাড়া রিজার্ভের টাকা দিয়ে আমরা বিমান কিনেছি।  নদী ড্রেজিং- সেটাও আমরা নিজেদের রিজার্ভের টাকা দিয়ে করছি।

প্রধানমন্ত্রী আরও জানান, যখন শ্রীলঙ্কা খুব অর্থনৈতিক সমস্যায় পড়ে, তাদেরকেও কিছু টাকা আমরা ধার দিয়েছি।

সরকার প্রধান বলেন, এখানে কিন্তু পয়সা কেউ তুলে নিয়ে চলে যায়নি।  বিএনপি এ বিষয়ে বলে।  বলার কারণটা হচ্ছে, তাদের নেতা তারেক জিয়া মানি লন্ডারিং কেসে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা অর্থদণ্ড পেয়েছে এবং সে পলাতক আসামি।  জিয়াউর রহমান যখন মারা যায়, আমরা ৪০ দিন টেলিভিশনে দেখেছি, ভাঙা স্যুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া কিছু রেখে যায়নি।  পরবর্তী সময়ে দেখি হাজার হাজার কোটি টাকার মালিক তারা।  জনগণের অর্থ আত্মসাৎ করেই তারা তা হয়েছে।

সবাইকে উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে।  যদি কখনো বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেয়, আমাদের বাংলাদেশে যেন সেই ধাক্কা কোনোভাবেই না লাগে।   আমাদের সাবধানতা আমাদেরকেই নিতে হবে।