আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন.বিএনপি ২০১৩ সালে এক দফা ঘোষণা করেছিল, ২০১৪ সালে করেছিল। ২০১৫ সালে করেছিল। ২০১৯ সালেও এক দফা ঘোষণা করেছিল। কয়েকদিন আগেও এক দফা ঘোষণা করেছি। তাদের এক দফা বেলুন ফোটার মতো ফুটে গেছে।
বুধবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর ইসরাইলিদের সঙ্গে যেমন বৈঠক করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানও একইভাবে ইসরায়েলের সঙ্গে বৈঠক করেছেন।
বিএনপিকে ‘ইসরাইলিদের চর’ উল্লেখ করে তিনি বলেন, আমরাও এক দফা ঘোষণা করছি, আমাদের এক দফা হচ্ছে ইসরাইলিদের চর, মানুষ হত্যাকারী, মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপকারীদের রাজনীতি থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ।
হাছান মাহমুদ বলেন, বিএনপি আজকে পাগলা কুকুরের মতো হয়ে গেছে। এসময় নেতাকর্মীদের ‘সবাইকে সমস্ত কিছুর জন্য’ প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান তিনি।