বাজারে সবজির দামে আগুন। এর মধ্যেই আড়াই লাখ টাকার টমেটো চুরির অভিযোগ দায়ের করলেন এক নারী কৃষক। ভারতের কর্নাটকের হাসান জেলার গনি সোমানাহল্লি গ্রামে এই ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ধরিনি নামের ওই কৃষকের অভিযোগ, মঙ্গলবার (৪ জুলাই) রাতে তার চাষের জমি থেকে ৫০ থেকে ৬০ ব্যাগ টমেটো চুরি হয়েছে। এ ঘটনায় তার আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে। এই ঘটনায় হালেবিদু পুলিশ স্টেশনে একটি মামলা করা হয়েছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা জমি থেকে টমেটো তোলার পরিকল্পনা করছিলেন। এগুলো ব্যাঙ্গালুরুর বাজারে বিক্রির ইচ্ছা ছিল তাদের। বিক্রি করতে পারলে কেজিপ্রতি ১২০ রুপি করে পেতেন। কিন্তু তার আগেই সবকিছু শেষ।
তিনি জানান, ঋণ করে তারা টমেটো চাষ করছিলেন। তাদের এবার ফলন ভালো হয়েছিল আর বাজারেও ভালো দাম পাওয়া যেত। চোর শুধু টমেটো চুরি করেই ক্ষান্ত হয়নি বাকি গাছগুলোও নষ্ট করে গেছে বলে জানান তিনি।