ডিজনি তারকা ও পপ সংগীতশিল্পী কোকো লি আর নেই। কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন তিনি।
রোববার (২ জুলাই) আত্মহত্যার চেষ্টা করেন। এরপর হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু কোমা থেকে আর ফেরানো যায়নি।
বুধবার (০৫ জুলাই) মারা গেছেন হংকংয়ে জন্ম নেওয়া এই সংগীতশিল্পী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর।
সামাজিকমাধ্যমে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন লির বোন ক্যারল ও ন্যান্সি।
ক্যারল ও ন্যান্সি এই পোস্টে লির ক্যারিয়ার নিয়ে লেখেন, গত ২৯ বছরে তিনি অগণিত আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসা পেয়েছেন। দুর্দান্ত লাইভ পারফরম্যান্সের জন্য শ্রোতাদের ওপর একটি বিস্ময়কর ছাপ রেখে গেছেন। এই বছর লির গাওয়া ক্যারিয়ারের ৩০তম বছর হিসেবে চিহ্নিত হবে। আমরা ওকে নিয়ে গর্বিত।
ওয়েস্টার্ন হিপহপের সঙ্গে আরঅ্যান্ডবি মিউজিক লিকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করে তুলেছিল। জন্ম হংকংয়ে হলেও শৈশবে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। বেড়ে ওঠেন সান ফ্রান্সিসকোতে। মাধ্যমিক পড়াশোনার পর তিনি ছুটিতে তার জন্ম শহরে ফিরে যান, যেখানে একটি গানের প্রতিযোগিতায় অংশ নেন। তিনি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছিলেন। এর মধ্য দিয়ে তার পপ ক্যারিয়ারের পথচলা শুরু।