গোয়ায় বাড়ি খুঁজছেন সারা

এমনিতেই ভারতের গোয়া বলিউড তারকাদের অন্যতম পছন্দের জায়গা।  অবসর যাপন থেকে বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর জন্য গোয়ার বিকল্প নেই।  তাই তো বলিউডের বড় তারকা থেকে শিল্পপতি, সকলেই গোয়ায় একটা নিজস্ব বাড়ি কিংবা ভিলা অথবা বিলাসবহুল রিসোর্ট কিনে রাখেন।

মালাইকা আরোরা থেকে অক্ষয় কুমার—প্রায় সকলেরই গোয়ায় নিজস্ব সম্পত্তি রয়েছে।  এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন সারা আলী খানও।

জানা গেছে, গোয়ায় মা অমৃতা সিংয়ের সঙ্গে বাড়ি খুঁজছেন অভিনেত্রী।  বেশ কিছু ভালো প্রস্তাবও পেয়েছেন।  ইতিমধ্যে বেশ কিছু বড় ভিলাও দেখে ফেলেছেন।

বরাবরই প্রকৃতির মাঝে শান্তিতে থাকতে পছন্দ করেন তিনি।  সে কারণে গোয়ায় নতুন এই বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন সারা।  তবে বর্তমানে অভিনেত্রী তার জুহুর বাড়িতে মা ও ভাইকে সঙ্গে নিয়ে থাকেন।

এ ছাড়াও দিল্লিতে একটি বাড়ি রয়েছে তার, যদিও সেটি অমৃতা সিংয়ের বাপের বাড়ির পক্ষ থেকে পাওয়া।

নবাব পরিবারের মেয়ে হওয়ায় হরিয়ানার পতৌদি প্যালেসেও যাতায়াত রয়েছে তার।  তবে সেই বাড়িতে সাইফ আলী খানের প্রথম পক্ষের সন্তান সারা ও ইব্রাহিম আলী খানের কোনো অংশীদারি আদৌ আছে কি না, সে প্রসঙ্গে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি সারা।

সম্প্রতি ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবিতে ভিকি কৌশলের বিপরীতে দেখা গেছে সারাকে।  বহুদিন পর তার কোনো ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখল।