চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুর থেকে মেহেদী হাসান নাঈম (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) দুপুর ১টার সময় উপজেলার ইছাখালী ইউনিয়নের বহাদ্দারবাড়ীতে এ ঘটনা ঘটে।
মেহেদী হাসান নাঈম একই বাড়ির মুফিজুর রহমানের ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, নাইম মৃগী রোগে আক্রান্ত। মা মানসিক ভারসাম্যহী। এদিন দুপুরে স্থানীয়রা বাড়ির আঙ্গিনায় পুকুরে একটি লাশ দেখতে পায়। পরে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানালে তিনি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
ইউপি সদস্য মহসিন পিংকু জানান, আমাকে দুপুরে স্থানীয়রা খবর দিলে আমি ঘটনাস্থলে এসে দেখি একটি লাশ পুকুরে উপুড় হয়ে ভেসে উঠেছে। পরে আমি জোরারগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, সে ব্যাটারিচালিত অটোরিক্সা চালাতো। ধারনা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে মৃগী রোগের যন্ত্রণায় গড়িয়ে পুকুরে পড়ে যায়।
এর আগে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ২টি লাশ উদ্ধার করেছিল পুলিশ।