বীরের বাবা-মা দুটোই আমি: বুবলী

শাকিব খান অভিনয় করেছেন ‘প্রিয়তমা’ সিনেমায়।  অন্যদিকে বুবলীর মুক্তি পাবে ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ সিনেমা।

শাকিব ও বুবলী প্রসঙ্গ আসলেই তাদের সংসার জীবনের বিষয়টি সামনে চলে আসে।  ঢালিউডের আরেক নায়িকা অপু বিশ্বাসের মতো বুবলীকেও বিয়ে করে সেটি গোপন রাখার অভিযোগ ওঠে শাকিব খানের বিরুদ্ধে।  পরে সেটি প্রকাশ্যে আসে।  এখন অবশ্য তারা আর একসঙ্গে নেই।  তবে দুই সংসারে শাকিবের রয়েছে দুটি পুত্র সন্তান।  একজনের নাম আব্রাহাম খান জয়। আরেকজনের নাম শেহজাদ খান বীর।

ঈদের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা হয় বুবলীর।  সেখানেও ওঠে আসে পারিবারিক প্রসঙ্গ।

গত রোজার ঈদে শাকিব খানের বাসায় গিয়েছেন, তার সঙ্গে ঘুরেছেন, খেয়েছেন-খাইয়েছেন, গল্প-আড্ডাতে দারুণ সময় কাটিয়েছেন- এমনটাই তখন জানান চিত্রনায়িকা শবনম বুবলী।  এরপর তাকে শুনতে হয় ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করে দেওয়ার মতো অপবাদ।

এবার হয়তো এসব ঝামেলা মাড়াতে চাননি বুবলী।  তাই তো এবারের কোরবানির ঈদে সন্তান বীরকে নিয়ে বাবা শাকিব খানের বাসায় যাবেন কি না?  এমন প্রশ্নের জবাবে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নায়িকা।  স্পষ্ট জানিয়ে দেন, বীরের বাবা তিনি, মাও তিনি।

সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘বীরের বাবা আমি, মাও আমি।  সবখানে আমাকেই বীরের বাবা ও মায়ের ভূমিকা পালন করতে হচ্ছে।  বীর তো এখন বাবা-মায়ের সঙ্গেই আছে।  ঈদেও থাকবে।  এর বাইরে তেমন কিছু আর বলার নেই।  কাজের বাইরে আমার পুরোটা সময় শেহজাদের জন্যই থাকে।  এবারের ঈদ শেহজাদকে নিয়েই কাটবে। ’

অভিনেত্রীর এ কথা থেকেই পরিষ্কার, শাকিবের বাসায় ছেলেকে নিয়ে এবার আর যাচ্ছেন না তিনি।  এমনকী শাকিবের সঙ্গে এখন তার যোগাযোগ কেমন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কথা বলতে চাই না।  একদমই চাই না। ’