হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ফি দিতে হবে, ইরানি সংসদে পরিকল্পনা অনুমোদন

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে বিভিন্ন সেবার বিপরীতে ফি আদায়ের বিধান রেখে একটি খসড়া আইনের ধারা অনুমোদন করেছে।
রোববার (২৩ আগস্ট) দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, ‘হরমুজ প্রণালীর নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক খসড়া আইনটি নিয়ে পর্যালোচনা অব্যাহত রেখেছে কমিটি।
কমিটির মুখপাত্র হাসান কাশকাভি জানান, আগের বৈঠকে স্থগিত থাকা বিলটির তৃতীয় ধারা পর্যালোচনার পর অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত ধারায় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে নৌ চলাচল ও পরিবেশগত সেবা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বিমা, নিরাপত্তা এবং অন্যান্য সেবার জন্য ফি আদায়ের সুযোগ রাখা হয়েছে।
কাশকাভি বলেন, ‘প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পাওয়া দেশগুলোর জাহাজ থেকে এসব ফি নেওয়া হবে। অর্থ পরিশোধ করতে হবে ইরানি রিয়াল অথবা তেহরান নির্ধারিত অন্য কোনো মুদ্রায়।’
ইরানের এই আইন আন্তর্জাতিক নৌ চলাচলের অধিকারকে স্বীকৃতি দিচ্ছে বলেও জানান কাশকাভি। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপকূলীয় দেশগুলোর নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অধিকারকে সম্মান করার বিষয়টিও খসড়া আইনে গুরুত্ব পেয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানির বড় একটি অংশ এই জলপথের ওপর নির্ভরশীল।