শপথের পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়।

বঙ্গভবনের প্রধান ফটক-২-এ পৌঁছানোর পর বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়। এরপর রাষ্ট্রপতি বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে পৌঁছালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।

এরপর রাষ্ট্রপতি তাঁর নির্ধারিত অফিস কক্ষে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। প্রথম কর্মদিবসের শুরুতেই তিনি বিভিন্ন সরকারি নথিপত্রে স্বাক্ষর করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন।

দাপ্তরিক কাজ শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে শপথ গ্রহণের পর দেশের সাংবিধানিক প্রধান হিসেবে বঙ্গভবনে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।