‘সাইয়ারা’ কেন এত সফল, কী বলছেন অক্ষয়

একটি সিনেমা সফল করতে কি বিশাল বাজেট, চোখধাঁধানো ভিএফএক্স, বড় বড় সুপারস্টার কিংবা অ্যাকশনে ভরপুর গল্পই একমাত্র ভরসা? যখন বলিউডের অনেক তারকা মনে করছেন দর্শককে প্রেক্ষাগৃহে ফেরাতে ‘লার্জার দ্যান লাইফ’ সিনেমার বিকল্প নেই, তখন সম্পূর্ণ ভিন্ন মত প্রকাশ করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

তার মতে, একটি ভালো সিনেমার সাফল্য নির্ভর করে গল্প ও দর্শকের গ্রহণযোগ্যতার ওপর, বড় তারকার উপস্থিতির ওপর নয়। এই বক্তব্যের পক্ষে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন নতুন মুখদের নিয়ে নির্মিত আলোচিত সিনেমা ‘সাইয়ারা’-র নাম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয়কে প্রশ্ন করা হয়, অভিনেতা আর. মাধবনসহ অনেকের ধারণা, বর্তমানে প্রেক্ষাগৃহে শুধু মাল্টি-স্টারার বা বড় তারকাদের সিনেমাই ব্যবসাসফল হচ্ছে। এ বিষয়ে নিজের মত জানাতে গিয়ে অক্ষয় বলেন, ‘যদি কোনো সিনেমার ভাগ্যে সাফল্য লেখা থাকে, তাহলে সেটি যেকোনোভাবেই দর্শকের হৃদয় জয় করবে।’

কথার এক পর্যায়ে ‘সাইয়ারা’ ছবির নাম মুহূর্তের জন্য ভুলে যান তিনি। পরে পাশে থাকা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর পরিচালক আহমেদ খান নামটি মনে করিয়ে দিলে অক্ষয় বলেন, ‘হ্যাঁ, সাইয়ারা। ছবিটিতে কোনো বড় সুপারস্টার ছিল না, তেমন কোনো প্রচারণার হাইপও ছিল না। ছিল শুধু দুজন নতুন শিল্পী, অসাধারণ কিছু গান এবং হৃদয়স্পর্শী একটি প্রেমের গল্প। দর্শক সেটাই গ্রহণ করেছে। দুই শিল্পীই দারুণ অভিনয় করেছে, আর ভাগ্যও তাদের পক্ষে ছিল।’

আহান পান্ডে ও অনীত প্যাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েছে। যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবিটি ২০২৫ সালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার তালিকায় জায়গা করে নেয়। পাশাপাশি এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী রোমান্টিক সিনেমার স্বীকৃতিও অর্জন করেছে।

এদিকে, সিনেমাপ্রেমীদের একটি বড় অংশের ধারণা, পরিচালক মোহিত সুরি ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র ‘A Moment to Remember’ থেকে অনুপ্রাণিত হয়েই ‘সাইয়ারা’-র গল্প নির্মাণ করেছেন।