মারা গেলেন শফিউলের মা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলাম সুহাসের মা আর নেই। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ও অন্যান্য বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মায়ের মৃত্যুর খবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন শফিউল ইসলাম। এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল ৮টা ৩০ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
মায়ের রুহের মাগফিরাত কামনা করে শফিউল আরও লেখেন, ‘মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’
শফিউলের মায়ের মৃত্যুর খবর পেয়ে শোক জানিয়েছেন জাতীয় দলের আরেক সাবেক পেসার ও তার বন্ধু রুবেল হোসেন। ফেসবুক পোস্টে রুবেল লেখেন, ‘বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, আমার বন্ধু শফিউল ইসলাম সুহাসের আম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
শোক প্রকাশ করে রুবেল আরও বলেন, ‘সংবাদটা শুনে সত্যিই হৃদয়টা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন।’
রুবেল জানিয়েছেন, শফিউল ইসলামের মায়ের জানাজা তার নিজ এলাকা বগুড়ায় অনুষ্ঠিত হবে।
শফিউল ইসলাম বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট, ৬০টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলেছেন। জাতীয় দলের সাবেক এই পেসারের মায়ের মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।