ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। প্রিয় দলের জয়-পরাজয়কে ঘিরে কোটি কোটি ভক্তের মতো বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও আবেগ প্রকাশ করেন। প্রিয় দলের সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা, ছবি ও স্ট্যাটাসে মুখর হয়ে ওঠেন তারা।
সোমবার জাপানকে ২-১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির অধীনে খেলতে থাকা ব্রাজিল। দলের এই জয়ের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন দেশের বিভিন্ন অঙ্গনের ব্রাজিল সমর্থকরা। সেই আনন্দে শামিল হন ঢাকাই চলচ্চিত্র ও নাট্যজগতের একাধিক তারকাও।
ম্যাচ শেষ হওয়ার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জয় উদযাপন করতে দেখা যায় অপু বিশ্বাস, শরিফুল রাজ, জান্নাতুল হিমি, সাফা কবির, আব্দুন নূর সজল, জিয়াউল হক পলাশ, পারসা ইভানাসহ অনেক পরিচিত মুখকে।
অভিনেতা শরিফুল রাজ নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন, যেখানে তাকে বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে ব্রাজিলের বিশাল পতাকা হাতে দেখা যায়। ছবির সঙ্গে তিনি শুধু ‘ব্রাজিল’ লিখেই নিজের অনুভূতি প্রকাশ করেন।
চিত্রনায়িকা অপু বিশ্বাস ব্রাজিলের জার্সি পরা একটি হাস্যোজ্জ্বল ছবি ফেসবুক স্টোরিতে শেয়ার করেন। ‘ভিক্টরি’ চিহ্ন দেখিয়ে তিনি দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি পরবর্তী ম্যাচগুলোতেও ভালো খেলার প্রত্যাশা জানান।
অভিনেত্রী সাফা কবির ব্রাজিলের জার্সি পরে নিজের ছবি পোস্ট করে লেখেন, ‘কী দারুণ একটা ম্যাচ! প্রতিটি হৃৎস্পন্দন সার্থক ছিল।’
অন্যদিকে পারসা ইভানা একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ব্রাজিল, আমি তোমাকে ভালোবাসি।’
এ ছাড়া জান্নাতুল হিমি, আব্দুন নূর সজল, ফারিণ খান, জিয়াউল হক পলাশসহ আরও অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও স্টোরির মাধ্যমে ব্রাজিলের জয়ের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।