তুরস্ক থেকে ১২ হাজার মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত
প্রতি কেজি চিনিতে খরচ পড়বে ৮২.৮৯ টাকা, যা আগের তুলনায় কেজিতে ৬ টাকা কম
সরকার ৮২ দশমিক ৮৯ টাকা কেজি দরে তুরস্ক থেকে সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে। আগের তুলনায় প্রতি কেজি চিনি কিনতে প্রায় ৬ টাকা কম খরচ হচ্ছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এ চিনি কেনা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট খরচ ধরা হয়েছে কোটি ৬৪ কোটি ২০ লাখ টাকা।
বুধবার (৩ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তুরস্কের স্মাটেক ইনফরমেশন টেকনোলজি থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, এ চিনি কিনতে মোট খরচ হবে ৬৪ কোটি ২০ লাখ টাকা। প্রতি কেজি চিনি কেনা হচ্ছে ৮২ দশমিক ৮৯ টাকা দিয়ে। প্রতি কেজি চিনির আগের ক্রয় মূল্য ছিল ৮৮ দশমিক ৭৪ টাকা।
এর আগে ১২ এপ্রিল অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি মালয়েশিয়ার ব্রিজো মেরিন এসডিএন বিএইচডির (স্থানীয় এজেন্ট: জেআই ট্রেডার্স, ঢাকা) কাছ থেকে ৬৮ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ১২৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। সে সময় প্রতিকেজি চিনির দাম ধরা হয় ৮৯ দশমিক ৫০ টাকা।