ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে মানব বন্ধন

ঢাকা-আরিচা ব্যস্ততম মহাসড়কে পরোয়া গতিনৈরাজ্যের প্রতিবাদে এবং সেলফি পরিবহন-এর রুট পারমিট বাতিলের দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে মানব বন্ধনবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় জনতা ও শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশ থেকে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ৫ দফা দাবি তুলে ধরা হয়:

 

বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ চলাচলের জন্য সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল। মহাসড়কে বাসগুলোর বেপরোয়া ও অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করা। চালক ও সহযোগীদের (হেলপার) নিয়মিত ডোপ টেস্ট নিশ্চিত করা। যানবাহনের ফিটনেস যাচাই এবং অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণ বন্ধ করা। মহাসড়কে চলাচলকারী সব যানবাহনের জন্য ট্রাফিক আইন ও নিয়ম-শৃঙ্খলা কঠোরভাবে পালন।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বরঙ্গাইল বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে গণঅবস্থান কর্মসূচিতে রূপ নেয়। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় শিবালয় থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করে।

মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোন্দকার তুহিন হোসেন-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি পীযূষ ফাইটার, মির্জা আব্বাস, আসলাম মিয়া, সাবেক সহসভাপতি চঞ্চল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মিয়া, মো. রুবেল মিয়া, রায়হান মিয়া এবং সাংগঠনিক সম্পাদক রমজান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খোন্দকার তুহিন হোসেন বলেন: “দ্রুতগতির কারণে সেলফি পরিবহনের বাসগুলো প্রায়ই সড়কে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। চালকদের দক্ষতা ও যোগ্যতা যাচাই, নিয়মিত মাদক পরীক্ষা এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করা জরুরি। সাধারণ যাত্রীদের যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর যথাযথ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বক্তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর আহ্বান জানান।