চরিত্রের জন্য দুই মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ!

অভিনয়ের চরিত্রে ঢুকে যেতে অভিনেতারা কত কিছুই না করেন! কেউ ওজন বাড়ান, কেউ কমান, কেউ বদলে ফেলেন চেহারা কিংবা পোশাক। তবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ যে কাণ্ড করেছিলেন, তা শুনলে অবাক হতে হয়। একটি চরিত্রের প্রয়োজনে প্রায় দুই মাস গোসলই করেননি তিনি!
অভিনেতা গুলশন গ্রোভার সম্প্রতি সেই পুরোনো ঘটনা স্মরণ করে জানান, ১৯৮১ সালের সিনেমা ‘চক্র’-এ অভিনয়ের সময় চরিত্রের মধ্যে পুরোপুরি ঢুকে যেতে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ।
‘দ্য কপিল শর্মা শো’-তে উপস্থিত হয়ে গুলশন জানান, সিনেমায় আসার শুরুর দিকে তিনি শুনেছিলেন, ‘চক্র’ সিনেমায় নিজের চরিত্রকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে প্রায় দেড় থেকে দুই মাস গোসল করেননি নাসিরুদ্দিন। বিষয়টি শুনে তিনি রীতিমতো অবাক হয়েছিলেন।
গুলশনের কথায়, ‘নাসিরুদ্দিন শাহ একজন অসাধারণ অভিনেতা। ‘চক্র’ সিনেমার চরিত্রে নিজেকে পুরোপুরি মিশিয়ে দিতে তিনি দেড় থেকে দুই মাস গোসল করেননি-এমনটা শুনেছিলাম।’
নিজের প্রসঙ্গ টেনে অভিনেতা মজা করে বলেন, সুযোগ পেলেই তিনি দিনে দুই থেকে চারবার গোসল করতে পারেন। তাই নাসিরুদ্দিনের মতো এমন ‘ডেডিকেশন’ তার পক্ষে দেখানো সম্ভব নয়। বরং ভাগ্য তাকে এমন সব চরিত্রই দিয়েছে, যেখানে পরনে থাকত স্যুট আর হাতে পানীয়!
রবীন্দ্র ধর্মরাজ পরিচালিত ‘চক্র’ মুক্তি পায় ১৯৮১ সালে। এটি ছিল পরিচালকের একমাত্র সিনেমা। সিনেমাতে নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করেন স্মিতা পাটিল ও কুলভূষণ খরবন্দা।
মুম্বাইয়ের বস্তিজীবনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে দারিদ্র্য, টিকে থাকার লড়াই ও অপরাধজগতের বাস্তবতা তুলে ধরা হয়।