পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা এবং এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে লিও ক্লাব অব চিটাগাং বন্ধন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হাজীপাড়ার ফয়জানে মদিনাতুল আউলিয়া মাদ্রাসায় এ আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের স্পন্সরশিপে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন লায়ন আদনান চৌধুরী।
লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন লায়ন মনির হোসেন বাপ্পি।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি নুর মোহাম্মদ, সদ্য প্রাক্তন সভাপতি এনামুল হক জুয়েল, সজিব হোসেন, আল আমিন, সানজিদা ইসলাম ইভা, মাহমুদুল হক কারিব, জিদান, তাবাসসুম, রূপা, তিথিসহ অন্যরা।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ জুবাইদ ও আলিফা আক্তার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় অতিথিরা বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীসহ মাদ্রাসার সব শিক্ষার্থীকে মিষ্টি ও চকলেট দিয়ে উৎসাহিত করা হয়। পাশাপাশি তাদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে ফয়জানে মদিনাতুল আউলিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল আলিম মানিক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ঈদে মিলাদুন্নবীর উসিলায় বাংলাদেশসহ বিশ্ব উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।