শাহ আমানত বিমানবন্দরে লোডশেডিংয়ের খবর সঠিক নয়: কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে লোডশেডিং হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৮ সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ

কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর একাধিক ব্যবস্থা চালু রয়েছে। বিদ্যুৎ সরবরাহে সাময়িক পরিবর্তনের কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বা উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন-অবতরণে কোনো বিঘ্ন ঘটেনি।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুটি পৃথক বিদ্যুৎ বিতরণ লাইন রয়েছে। কোনো একটি লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে Automatic Transfer Switch (ATS)-এর মাধ্যমে সর্বোচ্চ এক সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিকল্প লাইনে সংযোগ চলে যায়।

তিনি বলেন, পিডিবির দুটি লাইনে একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। গত কয়েক মাসে এমন কোনো ঘটনা ঘটেনি।

১০–১৫ সেকেন্ডেই জেনারেটরে বিদ্যুৎ

কর্তৃপক্ষ জানায়, রক্ষণাবেক্ষণ বা বিশেষ প্রয়োজনে পিডিবির উভয় লাইন সাময়িকভাবে বন্ধ রাখার প্রয়োজন হলে বিমানবন্দরের নিজস্ব জেনারেটরের মাধ্যমে সর্বোচ্চ ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় নিশ্চিত করা হয়।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) নির্দেশনা অনুযায়ী এ ক্ষেত্রে সর্বোচ্চ অনুমোদিত সময় ১৬ সেকেন্ড

এ ছাড়া বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অপারেশনাল সরঞ্জামগুলোর জন্য রয়েছে পৃথক ব্যাটারি ব্যাকআপ ও ইউপিএস ব্যবস্থা। এর আওতায় রয়েছে—

  • রাডার
  • নেভিগেশনাল ইকুইপমেন্ট
  • ভিএইচএফ কমিউনিকেশন সিস্টেম
  • রানওয়ে লাইটিং সিস্টেম
  • ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম

ফলে বিদ্যুৎ সরবরাহে সাময়িক পরিবর্তন হলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটার সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নতুন দুটি জেনারেটর স্থাপনের কাজ চলছে

বিমানবন্দরে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় নতুন দুটি জেনারেটর স্থাপনের কাজ বর্তমানে চলমান রয়েছে। এ কারণে মাঝে মাঝে রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পিডিবির বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

কর্তৃপক্ষের দাবি, এমন সাময়িক রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে কেউ কেউ লোডশেডিং হিসেবে মনে করে থাকতে পারেন। তবে প্রকৃতপক্ষে এটি লোডশেডিং নয়

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতেই বিষয়টি জরুরি ভিত্তিতে পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।