কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
তিনি জানান, বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফ থানার নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে জড়িত তিন মাদক কারবারিকে আটক এবং বোটটি জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ৮টার দিকে টেকনাফ থানার শীলবুনিয়া পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।