চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ

দেশের বৃহত্তম দ্বীনি ও অরাজনৈতিক সংগঠন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ঢাকায় ও চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ।

আগামী ২৩ আগস্ট (রবিবার) ঢাকায় এবং ২৬ আগস্ট (বুধবার) চট্টগ্রামে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

এবারের জশনে জুলুছের নেতৃত্ব দিতে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশে আসছেন পাকিস্তানের সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন ও আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ) ও সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ (মা.জি.আ)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তাঁদের অভ্যর্থনা জানাতে ঢাকার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা ও সংশ্লিষ্ট খানকাহ শরীফে প্রস্তুতি নেওয়া হয়েছে।

আল্লামা সাবির শাহসহ অতিথিদের আগমনকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলের সুন্নি মুসলমানদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জশনে জুলুছকে সফল করতে আয়োজক সংগঠনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের জশনে জুলুছে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে। চট্টগ্রামে আগামী ২৬ আগস্ট ১২ রবিউল আউয়াল অনুষ্ঠিত হবে এ বৃহৎ আয়োজন।