মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপারে নতুন মেয়াদ বসিয়ে বাজারজাত, জরিমানা ২.৫ লাখ

চট্টগ্রামের পটিয়ায় মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপারে নতুন মেয়াদ বসিয়ে বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপার ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পটিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার পাচুরিয়া ও হালিম খাঁর চর এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হালিম খাঁর চর এলাকায় অবস্থিত হাক্কানিয়া পেপার অ্যান্ড পাল্প মিলে আমদানি করা বেবি ডায়াপারে মেয়াদ পরিবর্তনের বিষয়টি ধরা পড়ে। অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটির আমদানি করা বেবি ডায়াপারের মেয়াদ ফেব্রুয়ারি ২০২৬-এ শেষ হয়ে গেলেও কৌশলে পুরোনো মেয়াদ মুছে সেখানে ফেব্রুয়ারি ২০২৭ ও ডিসেম্বর ২০২৮-এর নতুন মেয়াদ বসিয়ে বাজারজাত করা হচ্ছিল।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ প্রায় ২০ হাজার পিস বেবি ডায়াপার, যার আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ টাকা, কেটে ধ্বংস করা হয়।

এ ছাড়া পাচুরিয়া মোড় এলাকার খাজা হোটেলকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও প্রস্তুতের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার ক্যাফে ফুলবন নামের একটি হোটেলকে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে উল্লেখ না করা এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও প্রস্তুতের কারণে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান। আলোকচিত্র ধারণ করেন ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে অনিয়ম প্রতিরোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।