চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বিজ্ঞান মেলা-২০২৬’। গত ১৬ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।
‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’—প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব (সমন্বয়) মোহাম্মদ আজিজুল মওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আকতার।
প্রধান অতিথি বলেন, বিজ্ঞান শুধু পাঠ্যবইয়ের বিষয় নয়; দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের অন্যতম হাতিয়ার। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মেলায় দুর্যোগ মোকাবিলা, সৌরশক্তির ব্যবহার, দুর্ঘটনা প্রতিরোধ, স্বয়ংক্রিয় প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।
শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী দক্ষতা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনা মেলায় উপস্থিত অতিথি, শিক্ষক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। আয়োজকরা জানান, পাঠ্যবইয়ের জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।