সড়ক দুর্ঘটনা তদন্তে পুলিশের দক্ষতা বাড়াতে চট্টগ্রামে দুই দিনের কর্মশালা

সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের তদন্ত দক্ষতা বাড়াতে চট্টগ্রামে দুই দিনব্যাপী ‘রোড ক্র্যাশ ইনভেস্টিগেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির অংশ হিসেবে জিআরএসপি আয়োজিত এ কর্মশালা গত ১৭ ও ১৮ আগস্ট চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি সড়ক দুর্ঘটনার অন্তর্নিহিত কারণ শনাক্ত এবং তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুঙ্খানুপুঙ্খ ও তথ্য-প্রমাণভিত্তিক দুর্ঘটনা তদন্তের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। এ ছাড়া উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খানসহ সহকারী পুলিশ কমিশনার, পুলিশ পরিদর্শক, সার্জেন্ট ও উপ-পরিদর্শক পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী কর্মশালায় সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণ, তথ্য-প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালা শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মোট ৭৪ জন অংশগ্রহণকারীর হাতে সনদ তুলে দেন।